তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি চ্যাম্পিয়নশিপের এই সিরিজে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পেসার আয়াবোনগা খাকার সঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার মারিজানে ক্যাপ এবং নাডিনে ডি ক্লার্ক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না এই তিনজনের কেউ-ই। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন ২০ বছর বয়সী এলিজ ম্যারি মারক্স এবং মিয়েকো ডি রিডার। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এলিজ ম্যারির। রিডারের অভিজ্ঞতাও মোটে দুটি টি-টোয়েন্টির। আগামী ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডে। এর চার দিন পর ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমের জিবি মার্কস ওভালে হবে দ্বিতীয় ওয়ানডে। আর ২৩ ডিসেম্বর বেনোনির উইলমুর পার্কে হবে তৃতীয় ওয়ানডে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ১-১-এ সমতায়। প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির জন্য হয় পরিত্যক্ত এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ হার এড়ায় প্রোটিয়া মেয়েরা। দক্ষিণ আফ্রিকা দল : লরা উলভারড (অধিনায়ক), অ্যানিকে বোশ, টাজমিন ব্রিটস, নাডিনে ডি ক্লার্ক, মিয়েকে ডি রিডার, লারা গুডাল, সিনালো জাফটা, মারিজানে ক্যাপ, আয়াবোনগা খাকা, মাসাবাটা ক্লাস, সুনি লুজ, এলিজ ম্যারি মারক্স, মনকুলুলেকো এমলাবা, টুমি সেখুখুনে, ডেলমি টুকার। আইসিসি