দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় জেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে শুরু হয়েছে ৪০ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান।
৫৫ তম বার্ষিকী এ মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস চলবে আগামী ১১ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ১২ ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শেষে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন, মহানাম যজ্ঞানুষ্ঠানে অমৃত নাম সুধা পরিবেশন করছেন, পটুয়াখালীর শ্রী শ্রী নন্দ গোপাল সম্প্রদায়, মাদারীপুরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায়, বরিশালের শ্রী শ্রী ওঁকার সম্প্রদায়, চট্টগ্রামের শ্রী শ্রী গোপাল বাড়ী সম্প্রদায়, খুলনার শ্রী শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায়, নড়াইলের শ্রী শ্রী শান্তি হরি সম্প্রদায় ও গোপালগঞ্জের শ্রী শ্রী বিনাপানী সম্প্রদায়ের শিল্পীরা। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আরও জানিয়েছেন, প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো ভক্তদের জন্য দিবা-রাত্রী প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।