নতুন মেয়র হিসেবে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৩৪ জন কর্মচারীর নিয়োগ বাতিল করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নিয়োগ বাতিল করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।
শুক্রবার সকালে তিনি (মাসুমা আক্তার) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহে আরও ৫১ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হবে। সিটি করপোরেশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এসব কর্মচারী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিদায় নেওয়ার এক মাস আগে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগ বাতিল হওয়া কর্মচারীদের অভিযোগ, তারা দুই মাস কাজ করলেও তাদেরকে কোনো টাকা না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিষ্ঠানটির প্রশাসন, হাটবাজার, পরিছন্নতা, ভান্ডার, বিদ্যুৎ সম্পত্তি, জন্ম নিবন্ধন, প্রকৌশল, সিটি নিরাপত্তা, কর আদায়, সম্পত্তি, বাণিজ্য ও জনসংযোগসহ কয়েকটি শাখায় কর্মরত ১৩৪ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিশ সিটি করপোরেশনের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আরো ৫১ জন কর্মচারীকে মোবাইল ফোনের মাধ্যমে কর্মস্থলে আসার জন্য নিষেধ করা হয়েছে। সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী শহিদুল ইসলাম বলেন, দুই মাস চাকরি করার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে নগরভবনে গেলে প্রশাসনিক কর্মকর্তা জানিয়ে দিয়েছেন আর কাজে আসতে হবেনা। তিনি আরও বলেন, আমাকে এক মাসের বেতন দেওয়া হয়নি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার জানিয়েছেন, তাদের যতোটা কর্মচারী প্রয়োজন তার চেয়েও দ্বিগুণ রয়েছে। আর এসব কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া। নিয়োগ দেওয়ার সময় শর্ত ছিল যখন ইচ্ছা কর্তৃপক্ষ তাদের চাকরি বাতিল করতে পারবে। তাই ১৩৪ জনের নিয়োগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল করা হয়েছে। বাকি ৫১ জনের নিয়োগ রবিবার বাতিল করা হবে।