ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানা এলাকার কলসগ্রাম নামক এলাকায় যাত্রীবাহি চাকলাদার পরিবহনের একটি বাসের ধাক্কায় থ্রি-হুইলারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত অজ্ঞাতনামা এক নারীকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা রাতের এ দূর্ঘটনায় নিহতরা হলেন, থ্রি-হুইলারের যাত্রী বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ও বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল নামক এলাকার বাসিন্দা আলতাফ হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার (৩২) এবং একই উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা যশোধা জীবন লাল দাসের ছেলে থ্রি-হুইলার চালক মতি লাল দাস (৫০)। এয়ারপোর্ট থানার এসআই আব্দুস সালাম জানিয়েছেন, ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে।
অপরদিকে শুক্রবার ভোরে রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আছিয়া বেগম (৬৫) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কের পশ্চিম শাওড়া এলাকায়। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত দেলোয়ার মোল্লার স্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম।