মদিনা গ্রুপের এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে জেলার মুলাদী উপজেলার বন্দর বাজারের নয়জন ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে মাঠ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আরিফুল ইসলাম খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে মদিনা গ্রুপের মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হিসেবে কাজ করতেন। মদিনা গ্রুপের পানির ট্যাংক, স্যানিটারি ও নলকূপের মালামাল পৌঁছে দেওয়ার চুক্তিতে আরিফুল ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরবর্তীতে মালামাল না দিয়েই টাকা নিয়ে সে (আরিফুল) আত্মগোপন করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় মুলাদী বন্দরের ব্যবসায়ী বাবুল ওরফে সুজন শেখ বাদি হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার সকালে অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম প্রায় চার বছর যাবত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মদিনা গ্রুপের কাজ করছেন। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায়ই অগ্রিম টাকা নিয়ে দোকানে স্যানিটারি ও নলকূপের মালামাল পৌঁছে দিতেন। তারই ধারাবাহিকতায় গত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত নয়জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১ কোটি ৩৪ লাখ টাকা নিলেও কোনো মালামাল দেয়নি।
অভিযোগকারী ব্যবসায়ীরা বাবুল শেখ, হেমায়েত উদ্দীন, কাওসার মল্লিক, রুবেল হোসেন, মাসুম হোসেন, নেছার ঢালী, রায়হান কবির, মিজানুর রহমান এবং হেমায়েত হাওলাদার জানিয়েছেন, টাকার নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করতে আরিফুল ইসলাম তিনশ’ টাকার স্টাম্পে চুক্তি এবং ব্যাংকের চেক দিয়েছেন।
ব্যবসায়ী বাবুল শেখ বলেন, মাঠ কর্মকর্তা আরিফুল ইসলাম গত ৩ আগস্ট থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তার কাছ থেকে মোট ৩০ লাখ টাকা নিয়েছেন। মদিনা গ্রুপের পানির ট্যাংক, স্যানিটারি ও নলকূপের মালামাল দেওয়ার চুক্তিতে তিনি এই টাকাগুলো দিয়েছেন। টাকার নিরাপত্তার জন্য আরিফুল মুলাদীর ইসলামী ব্যাংকের চেক এবং স্টাম্পে লিখিত দিয়েছেন। কিন্তু মালামাল না দিয়ে তিনি গত কয়েকদিন পূর্বে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। উপায়অন্তুর না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মদিনা গ্রুপের বরিশাল বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ মাহফুজুর রহমান জানিয়েছেন, মাঠ কর্মকর্তা আরিফুল ইসলাম ছুটি না নিয়েই গত চারদিন ধরে কাজে আসছেন না। এরইমধ্যে ব্যবসায়ীরা তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।