বরিশালে একটি ট্রাক থেকে ২৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। গত বুধবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে জাটকাগুলো জব্দ করা হয়। নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন জানান, ট্রাকটি করে ৭৫টি ককশিটের ভেতরে জাটকা নিয়ে কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়। জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।