আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী পঞ্চানন বিশ্বাস অননুমোদিত ছুটির উপর ভর করে বিদেশ গমন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার এই অনুমোদনহীন বিদেশ গমনের ঘটনার সাথে প্রধান শিক্ষকের মৌন সমর্থন আছে বলে সরেজমিন গেলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের পক্ষ থেকে সরেজমিন গেলে জানাযায়, অভিযুক্ত পঞ্চানন বিশ্বাস গত ১৫ নভেম্বর স্কুলে আসেন, এরপর থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। হাজিরা খাতায় সিএল বা ছুটির কোন কিছু লেখা নেই। স্কুলের শিকক্ষকমন্ডলী জানান, তিনি ১৬ নভেম্বর থেকে অনুপস্থিত আছেন। তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভারেত গেছেন বলে তারা জানান। সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত পঞ্চানন বিশ্বাস স্কুলে আসেননি। এদিন প্রধান শিক্ষককেও স্কুলে অনুপস্থিত পাওয়া যায়। শিক্ষকরা বলেন, হেড স্যার সকালে স্কুলে এসে পরবর্তীতে চলে গেছেন। কোথায় গেছেন তা তারা জানেননা বলে জানান। প্রধান শিক্ষক শংকর কুমান গাইন এর সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, অফিস সহকারী ৩ দিনের ছুটি চেয়ে আবেদন করেন। ছুটির ব্যাপারে কোন রেজুলেশান হয়েছে কিনা? প্রশ্নের জবাবে তিনি বলেন, ছুটির জন্য রেজুলেশান লাগেনা, তাই করা হয়নি। তবে তিনি (পঞ্চানন) একটি প্রত্যয়নপত্রে আমার স্বাক্ষর করিয়ে নিয়ে গেছেন বলে মনে হয় বলে জানান প্রধান শিক্ষক। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জানান, কোন শিক্ষক কর্মচারীকে ছুটি নিয়ে বিদেশ যেতে হলে কমিটির কাছে আবেদন করার পর কমিটি রেজুলেশন করে ছুটি অনুমোদন করলে যেতে পারবে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করতে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, স্কুল পরিচালনা কমিটি ছুটি অনুমোদন দিয়ে থাকে। আমাদেরকে কিছুই জানান হয়নি।