রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বিস্ফোরণ হয়েছে। এতে রবিউল ইসলাম (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন- মাজহারুল ইসলাম (৩৭), শাহআলম (৩৫) ও আশহিরুল ইসলাম (৩৫)।
রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর ৪টায় মারা যান তিনি। বাকি তিনজনের মধ্যে আশিরুল ইসলামকে ভর্তি করা হয়েছে। তার শরীরের আট শতাংশ দগ্ধ হয়েছে।
বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
একই প্রতিষ্ঠানের কর্মী মাইনুল হোসেন জানান, শ্যামপুরের বাসেদ স্টিল মিলে কাজ করেন তারা। গত রাতে কাজ করার (লোহা গলানোর) সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আগুন লেগে যায়।পরে তাদের ওই রাতেই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে রবিউল মারা যান। রবিউলের বাড়ি বরগুনা সদর উপজেলার পোটখালী গ্রামে।