সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন আজ বুধবার। এদিন সকাল সাড়ে ৬টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শাহবাগ থেকে শেরাটন সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে।
সে জন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না।’
তিনি সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নেই। টালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন।নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনো ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না।’
তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।
মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডাক্তার লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বি এম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটির সাবেক সদস্যসচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।