প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের উদ্বোধণ করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে উপাচার্য(রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে ছাত্রীনিবাসটির আনুষ্ঠানিক উদ্বোধণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, ছত্রীনিবাসের প্রভোস্ট, শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রমতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দুটি ছাত্রীনিবাসের একটি হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস। যেটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালে এবং শেষ হয় ২০২২ সালে। পাঁচ তলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসটিতে আবাসনের ব্যবস্থা রয়েছে ৬০০ শিক্ষার্থীর। এখানে হল রুম, টিভি রুম, রিডিং রুম, নামাজের স্থান, ফিল্টারিং করা পানির ব্যবস্থাসহ আধুনিক জীবনযাত্রার সবধরনের উপকরণ রয়েছে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ১৮টি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার ৫৭টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার একাডেমি ভবন, গণপূর্ত বিভাগের মাধ্যমে আটটি অবকাঠামো, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দুটি প্রকল্প, সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্প, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের উদ্বোধণ করেছেন।