জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বাংলাদেশের শান্তি প্রিয় জনগন আগুন সন্ত্রাসীদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে। যেকারণে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে এদেশে কোন প্রভাব পরেনি।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী, তাই জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে পূর্ণরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য নৌকা মার্কার প্রার্থীদের নির্বাচিত করতে হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে শনিবার বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেছেন, যেকোন সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর যথাসময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রকারীরাই নির্বাচন ঠেকাতে পারবেনা। দেশ-বিদেশের ব্যাপক ষড়যন্ত্রের মধ্যে পদ্মা সেতু নির্মানে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারেনি, ইনশআল্লাহ আগামীতেও কেউ বঙ্গবন্ধুর কন্যাকে দাবায়ে রাখতে পারবেনা।
অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
একইদিন জমকালো বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠের মঞ্চে উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতসহ অন্যান্যরা।