মিছে মিছে বাড়ি থেকে পালিয়ে থেকে লাভ নেই। দেশের উন্নয়নে কাজ করতে বিএনপি ছেড়ে নৌকায় আসুন। বিএনপি কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ করতে হবে। সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন। উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। আমরা ভবিষ্যতে বিদেশে খাদ্য রপ্তানি করবো। তিনি আরও বলেন, যে বৃদ্ধ মায়েরা-বাবারা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। এখন আর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছেন। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে। তাই আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী। বিএনপির নেতাকর্মীদের দলটি ছাড়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না। মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না। আসুন নৌকায় উঠে পড়ুন। উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।