ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে ফুটপাতে হকার ও দোকান বসানোর অনুমতি এবং বরাদ্দ দেওয়া হয় না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। আবু হোসেন বাবলা হকারদের ব্যবসা-বাণিজ্যের জন্য ঢাকা শহরের প্রতিটি এলাকায় একটি নির্দিষ্ট স্থান দেওয়ার পদক্ষেপ নিতে বলেন। প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে কখনো ফুটপাতে হকার ও দোকান বসানোর অনুমতি/বরাদ্দ দেওয়া হয় না। সিটি করপোরেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিনিয়ত ফুটপাত থেকে অবৈধ দোকান/স্থাপনা উচ্ছেদ/অপসারণ করে আসছেন। হকারদের ব্যবসা করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরীক্ষামূলক (প্রতি শুক্রবার ও শনিবার) হলিডে মার্কেট বসানোর কার্যক্রম চলমান।