মাকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু এখনও অপহৃত লুইস দিয়াসের বাবা। কলম্বিয়ান ফুটবলারের মানসিক অবস্থা ভালোভাবেই বুঝতে পারছে লিভারপুল। ফরোয়ার্ডের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলেননি দিয়াস। তবে লিভারপুলের ৩-০ গোলে জেতা ওই ম্যাচে প্রবলভাবে ছিল তার উপস্থিতি। দিয়েগো জটা যেমন লক্ষ্যভেদ করার পরই দিয়াসের ৭ নম্বর জার্সি মেলে ধরে সতীর্থের পাশে থাকার বার্তা দেন। দিয়াসের অপহৃত বাবাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কলম্বিয়া সরকার। ক্লপ জানালেন, কেবল মাঠের পারফরম্যান্স দিয়েই তারা পাশে থাকতে পারেন এবং সে কাজটিই করছে লিভারপুল। “ম্যাচটা যত বড় ছিল, তার চেয়ে বেশি বড় হয়ে উঠুক, সেটা আমি চাইনি, কিন্তু নিশ্চিতভাবে সেটাই হলো। মাঠে যে লড়াইটা করেছি, সেটা দিয়েই আমরা দিয়াসকে সহযোগিতা করার চেষ্টা করেছি।” “অবশ্যই আমরা সাহায্য করতে চাই, কিন্তু আসলেই এই পরিস্থিতিতে আমাদের সাহায্য করার কিছু নেই। তো আমরা কেবল তার জন্য লড়াইটুকু (মাঠে) করতে পারি এবং ছেলেরা সেটাই করেছে।” এদিকে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক্সে (সাবেক টুইটার) অপহরণকারীদের প্রতি দেশের হয়ে ৪৩ ম্যাচ খেলা দিয়াসের বাবাকে ‘নিঃশর্ত’ মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে। দিয়াসের পাশে থাকার বার্তাও দিয়েছে তারা। “ফুটবল শান্তির, লুচো (দিয়াসের ডাকনাম), আমরা তোমার পাশে আছি, কলম্বিয়া তোমার পাশে আছে।” কলম্বিয়ার পুলিশ দিয়াসের বাবাকে উদ্ধারে সহযোগিতা বা তথ্য দেওয়ার জন্য ২ কোটি কলম্বিয়ান পেসো (প্রায় সাড়ে ৪৮ হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে।