নিউ জিল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হার্দিক পান্ডিয়াকে পাঁচ্ছে না ভারত। এই পেস বোলিং অলরাউন্ডার কবে ফিরবেন মাঠে, তা এখনও অনিশ্চিত। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফিটনেস পরীক্ষা হবে পান্ডিয়ার। এরপর জানা যাবে, তার ফেরার সম্ভাব্য সময়। পুনেতে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পান্ডিয়া। প্রাথমিক শুশ্রূষা নিয়ে বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান তিনি। কিন্তু ব্যথার তীব্রতায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে। ওই চোটের কারণে পুনে থেকে দলের সঙ্গে ধারামশালায় যাননি পান্ডিয়া। বরং বেঙ্গালোরে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। তখন বিসিসিআই জানায়, ইংল্যান্ড ম্যাচের আগে সরাসরি লক্ষ্ণৌতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। চোটের অবস্থার তেমন উন্নতি না হওয়ায় লক্ষ্ণৌতে আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েও ফেরা হচ্ছে না তার। তাই এখন আগামী ২ নভেম্বর শ্রীলঙ্কা ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে পান্ডিয়াকে। পান্ডিয়ার অনুপস্থিতিতে নিউ জিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ে সুরিয়াকুমার ইয়াদাভকে খেলায় ভারত আর বোলিংয়ে শার্দুল ঠাকুরকে বসিয়ে খেলায় মোহাম্মদ শামিকে। সুরিয়াকুমার স্রফে ২ রানে আউট হলেও চলতি আসরে নিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন শামি। ঘরের মাঠের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। টুর্নামেন্টে তারাই একমাত্র অপরাজিত দল।