ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বলেছেন প্রয়াত শেন ওয়ার্ন তার ক্যারিয়ারে অনেক বড় প্রভাব রেখেছেন এবং অনুপ্রেরণা খুঁজতে তিনি এখনো স্পিন এই কিংবদন্তীর বিভিন্ন ম্যাচের ভিডিও প্রায়ই দেখে থাকেন। বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদীপ ভারতীয় টার্নিং উইকেটে এ পর্যন্ত এবারের বিশ্বকাপে ৮ উইকেট দখল করেছেন। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে কুলদীপ নিয়েছেন ২ উইকেট। এর আগে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্কানের বিপক্ষে ৩৫ রানে দখল করেছিলেন ২ উইকেট। অথচ কুলদীপের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফাস্ট বোলার হিসেবে। পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের দারুন ভক্ত ছিলেন কুলদীপ। কিন্তু কোচের পরামর্শে ধীরে ধীরে নিজেকে স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক কলামে কুলদীপ বলেছেন, ‘যখনই আমার নিজের বোলিং নিয়ে কোন সন্দেহ হয় তখনই আমি ওয়ার্নেও পুরোনো ম্যাচগুলো দেখি। তার সাথে দারুন কিছু সময় কাটানোর কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করি। তার একজন ভাল বন্ধুও ছিলাম আমি। টেলিভিশনে আমি প্রায়ই তার খেলা দেখেছি এবং লক্ষ্য করেছি কিভাবে সে ব্যাটারদের আউট করেছে, তার পরিকল্পনাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি।’ কুলদীপ আরো বলেন, ‘ওয়ার্ন খুব বেশী শক্ত মানসিকতার খেলোয়াড় ছিলেন। ২০১৯ সালে আমি যখন সিডনিতে খেলতে যাই তখন তিনি আমাকে অনেক বিষয়ে সহায়তা করেছিলেন। আমি ওয়ার্নের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবসময়ই আমি তার খেলা অনুসরণ করতাম।’ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত ওয়ার্ন ২০২২ সালের মার্চে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারে টেস্টে ৭০৮ ও ওয়ানডেতে ২৯৩ উইকেট দখল করেছেন এই কিংবদন্তী স্পিনার। হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২৮ বছর বয়সী কুলদীপ। ২০১৭ সালে ওয়ানডেতে অভিষেকের পর এ পর্যন্ত ৯৫ ম্যাচে নিয়েছেন ১৬০ উইকেট।