রিস টপলির চোটে কপাল খুলল ব্রাইডন কার্সের। বিশ্বকাপের মাঝপথে দলে ডাক পেলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। আইসিসির টেকনিক্যাল কমিটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের অনুমোদন দেওয়ার খবর জানিয়েছে। বেঙ্গালোরে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন কার্স। শিরোপা ধরে রাখার অভিযানে ইংল্যান্ডের শুরুটা একদমই ভালো হয়নি। এর মধ্যে টপলির চোট তাদের জন্য আরও ধাক্কা হয়েই আসে। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুটের আশা, গত বিশ্বকাপের লিয়াম প্লাংকেটের মতো কাজ এবার করতে পারবেন কার্স। “সে (কার্স) দারুণ অলরাউন্ড প্যাকেজ। দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করতে পারে। ফিল্ডিংয়ে সে দুর্দান্ত এবং উইকেট নেওয়ার অনন্য সামর্থ্য রয়েছে। তার মধ্যে (বেন) স্টোকসের মতো একটা বিষয় আছে। যখন কিছুই হচ্ছে না, তখন সে উইকেট এনে দেবে।” “সে অনেকটা জুনিয়র প্লাংকেট! তার মধ্যে অনেক মিল রয়েছে। প্লাংকেট হয়তো আমার এই কথা খুশি হবে না। তবে তার (কার্স) হয়তো ব্যাটিংয়ে (প্লাংকেটের চেয়ে) আরও বেশি দেওয়ার সামর্থ্য রয়েছে।” ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলেছেন ২৮ বছর বয়সী কার্স। ওয়ানডেতে ১৪ ও, টি-টোয়েন্টিতে ৪ শিকার ধরেছেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত এই ক্রিকেটার। মুম্বাইয়ে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বোলিংয়ে বল থামানোর চেষ্টায় বাম তর্জনীতে আঘাত পান টপলি। ম্যাচ শেষে পরীক্ষায় তার ওই তর্জনীতে চিড় ধরা পড়ে। ফলে শেষ হয়ে যায় ২৯ বছর বয়সী বাঁহাতি পেসারের বিশ্বকাপ। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি টপলি। চার ম্যাচের মধ্যে বাংলাদেশের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে বড় অবদান রাখেন তিনি।