পাকিস্তানী ফাস্ট বোলার হাসান আলী বলেছেন, চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে তার দলের শোচনীয় পরাজয়ে ‘পৃথিবী ধ্বংস’হয়ে যায়নি। গত সপ্তাহে আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হওয়ায় বিশ্বকাপ মঞ্চে ভারতের কাছে টানা অস্টম পরাজয় দেখল পাকিস্তান। অবশ্য ওই পরাজয়ের পরও এখনো শিরোপার দৌঁড়ে টিকে আছে পাকিস্তান। প্রথম তিন ম্যাচের দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। হাসান আলী বলেন,‘ হ্যাঁ, ভুলের কারণে আমরা ভারতের কাছে হেরে গেছি। এখন প্রতিটি ম্যাচ থেকেই দুই পয়েন্ট করে নিতে হবে। ভারতের কাছে পরাজয়ে গোটা পৃথিবী ভেঙ্গে পড়েনি। ভারতের বিপক্ষের ওই ম্যাচটি এখন অতীত। ইতিহাসের অংশ হয়ে গেছে।’ পাকিস্তানী পেসার বলেন,‘ আগের ম্যাচে নিজেদের ভুল গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং ওই ব্যর্থতা কাটাতে নিজেদের সেরাটা দিতে হবে। আমরা বিশ্বকাপ জয় করার লক্ষ্য নিয়ে এখানে এসেছি। সেটা করেই আমরা নিজেদের উন্নতির বহি:প্রকাশ ঘটাতে চাই।’ চলতি বিশ্বকাপে এ পর্যন্ত পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সাত উইকেট শিকারী হাসান সতীর্থ পেসার শাহিন শাহ আফ্রিদির পক্ষেও সাফাই গেয়েছেন। টুর্নামেন্টে এ পর্যন্ত চার উইকেট পাওয়া শাহিন বর্তমানে উইকেট খরা ও ফিটনেস সংকটে ভুগছেন। হাসান বলেন,‘ শাহিন অনেক ম্যাচে আমাদের জিতিয়েছেন। আমি জানি এই মুহুর্তে তিনি পুরোপুরি ফিট নন। তবে অচিরেই স্বরূপে ফিরবেন। তিনি হচ্ছেন একজন চ্যাম্পিয়ন। ’