প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।
সোমবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশালের কীর্তনখোলা নদীর তীর স্থায়ী সংরক্ষণসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো। এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মৃত্যু হয়। তেমনি নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যাবে। শুধু পাড় বাঁধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদীপথগুলো সচল করার জন্য পদক্ষেপ নেওয়ার হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের মানুষের জীবন মান বদলে গেছে। কিন্তু আমাদের নদী মাতৃক দেশ, তাই নদীকে রক্ষা করতে হবে। এজন্য আমরা উন্নয়ন প্রকল্পের নামে নদী, খাল যেন ভরাট না করি। আমরা নৌ-পথকে সচল রাখার জন্য ইতোমধ্যে ৪১টি ড্রেজার ক্রয় করেছি। প্রতিবছর ক্যাপিটাল ড্রেজিং ও বছরে ম্যানটালিং ড্রেজিং করার জন্য নির্দেশ দেওয়া রয়েছে। কোন ভাবেই আমাদের পানিসম্পদ ধ্বংষ করা যাবেনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীকে রক্ষা করার জন্য শিল্পকল কারখানার দূষিত পানি নদীতে না ফেলার জন্য সকলের প্রতি আহবান করেছেন।
বরিশাল সদর উপজেলার চরকাউয়াপ্রান্তে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুব উদ্দীন বীর বিক্রম, সৈয়দ আনিসুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ। উদ্বোধণী সভায় বরিশালের উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য উপকারভোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প এবং পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী, খাল ও জলাশয়ের উদ্বোধণ ও নতুন অনুমোদিত ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধণ করেছেন। এরমধ্যে পানি উন্নয়ন বোর্ড বরিশালের অধীনে জেলায় ৮৫৩.৫৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের উদ্বোধণ এবং ১৮১৭.৭৮ কোটি টাকা ব্যয়ে নতুন তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধণ করা হয়েছে।