লঘু অপরাধে সাজাভোগ ছাড়াই ভালো কাজ করে প্রবেশনে (পরীক্ষাকাল) মুক্তিপ্রাপ্ত ৪০ জন নারী-পুরুষকে নিয়ে কনফারেন্স করেছেন জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা। শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে প্রবেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কার্যালয়ের আয়োজনে এ সময় মুক্তিপ্রাপ্তদের ভবিষ্যত জীবনে ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজ, সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সি, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক আবু জাফর, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত, কোর্ট ইন্সপেক্টর শিশির কুমার পাল প্রমুখ।
এরআগে প্রবেশনে মুক্তিপ্রাপ্ত চারজন নারী ও ৩৬ জন পুরুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবেশনে মুক্তি পাওয়া শিকারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল হাওলাদার বলেন, প্রবেশনে মুক্ত না হলে আমি নির্বাচনে অংশ নিতে পারতাম না। প্রবেশনে মুক্তি পেয়ে নির্বাচনে জিতে এখন জনগণের সেবা করছি। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবার পরিধি আরও বৃদ্ধি করতে চাই।