প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, লেখাপড়ার মান বাড়াতে ও বাচ্চাদের হাসিখুশি রাখতে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। দ্রুত নতুন কারিকুলামে প্রাথমিকের পড়াশোনা শুরু হবে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো ঠিক করে এক শিফটে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। এদিকে করোনার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে ‘গজিয়ে ওঠা’ মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের টেনে নিয়েছে। অনেক অভিভাবক কর্মব্যস্ততায় সন্তানকে একা রাখতে না পারায় করোনার সময় মাদ্রাসায় দিয়েছেন। আর দুপুরের খাবার দেখে অনেকেই আকৃষ্ট হচ্ছে। সব দিক বিবেচনা করে আমাদের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর ব্যবস্থা হচ্ছে। বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি। আশা করি, নতুন কারিকুলামে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টানতে পারব। প্রাথমিক পর্যায়ের সব ক্লাস এক শিফটে আনা হবে বলে জানিয়ে তিনি বলেন, একইসঙ্গে নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এ কারণে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। এজন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা। এর আগে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টারসহ সব ক্লাসরুম ঘুরে দেখেন। এদিকে প্রতিমন্ত্রীর কাছে বিদ্যালয়ে একটি বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করে দেওয়ার দাবি জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপণ্ডপরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান মতিসহ অনেকে।