রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে আল মামুন ওরফে আরাফাত (১৮) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে মতিঝিল থানা পুলিশ। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলাপুরের জসিম উদ্দিন রোডের মাথায় সালিমার নামে আবাসিক হোটেলের ষষ্ঠ তলার ছাদে হোটেল কর্মচারীদের ব্যবহৃত বাথরুম থেকে লাশটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। মতিঝিল থানার এসআই আবদুর রহমান জানান, গত ৭-৮ দিন আগে আল মামুন ওই হোটেলে কাজে যোগ দেন। হোটেলটি ষষ্ঠ তলার ছাদে থাকা কর্মচারীর রুমে তিনি থাকতেন। গত বুধবার রাতে ছাদে বাথরুমের ভিতর কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে থানায় খবর দিলে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত কারণ জানার জন্য তদন্ত চলছে। এদিকে মৃত আল মামুনের চাচা ইয়াসিন জানান, তাদের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী থানার প্রত্যাশী গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। মামুনের বাবার নাম আল আমিন হাওলাদার। গত বুধবার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমেই তিনি খবর পান, তার ভাতিজা আল মামুন হোটেলে গলায় ফাঁস দিয়েছেন। তবে এর বেশি তিনি আর কিছুই জানেন না।