বর্তমানে তরুণ প্রজন্ম মাদক ঝুঁকিতে রয়েছে। মাদকের প্রতি আসক্ত হয়ে তরুণ প্রজন্ম নিজেদের জীবনকে ভয়ানক হুমকির দিকে ঠেলে দিচ্ছে। অনেকে সামাজিক বা ব্যক্তিগত হতাশা থেকেও মাদক শুরু করছে। আবার মানসিক চাপ নিয়ন্ত্রণে ব্যস্ত হয়েও অনেকে মাদকে ঝুঁকে পড়ে। তবে আশঙ্কার ব্যাপার হলো, বর্তমানে দেশে মাদকাসক্তের সংখ্যা ৭৫ থেকে ৮০ লাখ। এর মধ্যে প্রায় ৬৯ শতাংশ তরুণ। তাই এ প্রবণতা রোধ করা না গেলে একটি প্রজন্মের সব সম্ভাবনা ধূলিসাৎ হয়ে যাবে এবং দেশ মাথা তুলে দাঁড়াবার শক্তি হারিয়ে ফেলবে। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। মাদকাসক্তি কোনো দিক থেকেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না, বরং সমাজকে গভীর অন্ধকারের দিকে ধাবিত করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ক্ষমতায় আসার পর মাদক নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন। তাই আশা করা যায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাফিলতি আছে তা পুরো মাত্রায় দূর না হলেও অনেকাংশে স্তিমিত হবে। ইতিমধ্যেই মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে ৬ অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের হেফাজত থেকে ১০২৫৫ পিস ইয়াবা, ১৭ কেজি ১০ গ্রাম গাঁজা, ৮ গ্রাম ৩১৪ পুরিয়া হেরোইন, ১৫টি ইনজেকশন ও ১২ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে। তাই আশা করা যায়, ভবিষ্যতে মাননীয় প্রধামন্ত্রীর এই তদারকি ইতিবাচক প্রভাব ফেলবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রথমত পরিবার পরিজনদের সচেতন হতে হবে। সন্তান অস্বাভাবিক জীবন-যাপন করছে কী না, কেমন বন্ধু-বান্ধবের সঙ্গে মিশছে ইত্যাদি বিষয়ে পরিবারের নজর রাখতে হবে। তাছাড়া পরিবারের কেউ মাদকাসক্তির দিকে ঝুঁকে গেলে তাকে মাদকের খারাপ দিকগুলো সম্পর্কে বোঝাতে হবে এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সমাজে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে মাদকের চাহিদা ও ব্যবহার কমিয়ে আনা অত্যান্ত জরুরি। এজন্যে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, সুস্থ বিনোদন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং সীমান্তে ও দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে। যুবসমাজ আমাদের দেশের সম্পদ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।