প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থি ও সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইডেট ল’ইয়ার্স ফ্রন্ট। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগীয় প্রথা ও আচরণবিধি লঙ্ঘন করে সংবর্ধনা নিয়েছেন। এ কারণে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। ছাত্রলীগের নেতাদের থেকে তিনি ফুল নিয়েছেন। এমনকি বিশ্বজিৎ হত্যা মামলার আসামিরাও তাকে ফুল দিয়েছে। বিচার বিভাগ স্বাধীনভাবে যতদিন পরিচালিত না হবে ততদিন আন্দোলন চলবে বলেও বক্তারা জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। এর আগে, রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।