কোনো একটি স্থানে নগর সৃষ্টির প্রক্রিয়াকে নগরায়ণ বলা হয়। গ্রাম কিংবা অনুন্নত মফস্বল শহর থেকে মানুষ যখন জীবন ও জীবিকার তাগিদে কোনো শহরে গিয়ে বসবাস তখন তাকে নগরায়ণ বলা হয়। অন্য ভাবে বলা যায় বিপুল সংখ্যক মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তর, শহরের জনবসতি ও অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বৃদ্ধিকেই নগরায়ন বলা হয়। নগরায়ন যেকোনো দেশের জন্য আশীর্বাদ স্বরূপ কিন্তু যখন এই নগরায়ন অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয় তখন তা নগরবাসীর জন্য অভিশাপ স্বরূপ হয়ে থাকে। তেমনি ভাবে রাজধানী ঢাকা দেশের অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা নগরের ভিতর অন্যতম। দেখা যায় অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে নগরে বসবাসকারী জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রত্যাশিত নাগরিকসেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। বর্তমানে ঢাকা শহরের ৬২ শতাংশ ভূমিতে গড়ে উঠেছে আবাসিক এলাকা। এর মধ্যে ২৫ শতাংশ ভূমিতে পরিকল্পনা অনুযায়ী এবং বাকি ৩৭ শতাংশে অপরিকল্পিত আবাসন ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আট শতাংশ ভূমিতে বাণিজ্যিক ও নয় শতাংশে প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। চার শতাংশ জায়গায় উন্মুক্ত জলাশয়সহ ১০ শতাংশ ভূমিতে গড়ে উঠেছে সেনানিবাস এবং দুই শতাংশে বিমানবন্দর। পরিকল্পিত কোনো মাস্টারপ্ল্যান না থাকায় শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে বড় বড় প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর। শহরের ১২ শতাংশ জায়গা নিয়ে গড়ে ওঠা এসব স্থাপনা প্রভাব ফেলছে সামগ্রিক উন্নয়নে। দিনেদিনে ঢাকায় জনসংখ্যা বেড়েই চলছে, আর এই জনসংখ্যার সাথেসাথে বাড়ছে যানবাহন। এতে করে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। কয়েক বছর ধরে ঢাকা সবচেয়ে দূষিত বাতাসের পাঁচটি শহরের মধ্যে রয়েছে। আর শহরের তালিকায় দিল্লির পরেই রয়েছে ঢাকার নাম। এর আগের বছরও ঢাকা এই অবস্থানে ছিল। অপরিকল্পিত নগরায়নের আরেকটি সমস্যা হলো পরিবেশ দূষণ। এক প্রতিবেদনে পৃথিবীর সবচেয়ে নোংরা শহরের মধ্যে দ্বিতীয় বলা হয়েছে ঢাকাকে। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা ক্রমেই বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ছে। হোটেল ও রেস্টুরেন্টের আবর্জনা, শিল্প কারখানা থেকে উৎপাদিত আবর্জনা, মেডিকেল বর্জ্য, রান্নাঘরের পরিত্যক্ত আবর্জনা, হাটবাজারের পচনশীল শাকসবজি, ছাপাখানার রঙ ইত্যাদি মিলে ক্রমেই দূষিত করছে পরিবেশ। এই অপরিকল্পিত নগরায়নের কারণ যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে ধরা হয়। শহরের বাসিন্দাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য মোট আয়তনের ২৫ শতাংশ সড়কের প্রয়োজন হলেও রাজধানীতে রয়েছে মাত্র ৮ শতাংশ। এখানে মোট সড়কের আয়তন ১ হাজার ২৮৬ কিলোমিটার। তার ৫২ শতাংশই আবার মোটরযান চলাচলের অনুপযোগী। এ কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। আবার দেখা যায় জলাশয় ও নিম্নাঞ্চল ভরাট করে গড়ে ওঠা অপরিণামদর্শী উন্নয়নের ফলে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে রাজধানীর পানিনিষ্কাশন ব্যবস্থা। ফলে হালকা বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জাতিসংঘের হিসাবে বিশ্বের একটি স্বাস্থ্যকর শহরের প্রতি একর এলাকায় ৭০ থেকে ৮০ জন নাগরিকের বসবাস করা উচিত। এটা সর্বোচ্চ ১২০ জন পর্যন্ত হতে পারে। কিন্তু ঢাকার এক তৃতীয়াংশ এলাকায় তা ৭০০ থেকে ৮০০ জন। তাই এখনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে।