বাংলাদেশের পাটের আঁশের মান অন্যান্য দেশের তুলনায় ভালো হওয়ায় এর খ্যাতি ছিল বিশ্বজুড়ে। কিন্তু নানা সমস্যার কারণে এ শিল্পের সেই রমরমা অবস্থা আর নেই। বর্তমানে পৃথিবীজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে পাটের চাহিদা বেড়েছে, অথচ দেশে বিপুল পরিমাণ উৎপাদন হলেও পাটজাত দ্রব্য ব্যবহারে কারই তেমন আগ্রহ নেই। সেই স্থান দখল করেছে পলিথিন। নিজেদের উৎপাদন যদি দেশেই ব্যবহার করা না হয়, বিপুল পরিমাণ পাট নিয়ে কৃষকরা বিপাকে পড়বে, সেটাই স্বাভাবিক। একসময় বর্ষাকে রাঙিয়ে দিত সোনালি আঁশ পাট। কৃষকের জমিতে পানির ঢেউয়ের মতো পাটগাছ দোলার সেই দৃশ্য এখনো যে নেই, তা নয়। সঙ্গে কাঁচা পাট পানিতে ভিজিয়ে রেখে আঁশ ছাড়ানোর জন্য কৃষকের যে প্রাণান্তকর চেষ্টা, সেটিও আছে। বিস্তৃত জলাধারজুড়ে পাটের সারি। পানি থেকে আঁশ ছাড়ানোর পর তা নানাভাবে রোদে শোকানো। সবই আছে। কিন্তু যে কৃষকরা ঘাম ঝরিয়ে সোনালি আঁশ তৈরি করেন তারা শুধু বঞ্চিত হন ন্যায্যমূল্য থেকে। পাট মন্ত্রণালয় থেকে সার, বীজ, কীটনাশকসহ নানা সহযোগিতা দেওয়া হলেও দিন দিন কমে যাচ্ছে পাটের আবাদ। স্থানীয় হাটগুলোতে পাটের দাম না থাকায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন কৃষকরা। খরচের তুলনায় পাটের দাম না থাকায় পাট ছেড়ে তামাক ও ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। পাঁচ বছর আগে সাধারণ পাটের মন ছিল ৫ হাজার টাকা। ভালোমানের পাটের মন ছিল ৬ হাজার টাকা। গত বছর দেশে প্রায় ২৪ লাখ বেল পাট অবিক্রীত রয়ে গেছে। এবার উৎপাদন হয়েছে প্রায় ৮৬ থেকে ৮৭ লাখ বেল। বিপুল পরিমাণ পাট দেশে মজুত অথচ বাজারে দাম নেই। কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। পাট ব্যবসায়ীদের বড় সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) বলছে, সরকার পাট খাতে ভর্তুকি এবং ব্যাংক থেকে নামমাত্র সুদে ঋণ এবং প্রণোদনা দিয়ে পাট শিল্পকে বাঁচাতে পারে। পাটজাত পণ্য যারা রপ্তানি করে তাদের নগদ সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। সরকারি সহায়তা না পেলে পাটসংশ্লিষ্ট সবাইকে পথে বসতে হবে। পাট শিল্পকে বাজাতে হলে পলিথিনের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি দেশে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পাটজাত পণ্যের চাহিদা বাড়াতে হবে। আবার বিশ্ববাজারের চাহিদাকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে সরকারি পাটকলগুলো খুলে দিতে কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে ভাবতে হবে। এখনই সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে একসময় দেশে পাটচাষি থাকবেনা থাকবেনা দেশের পাট শিল্প। তাই বিষয়টিকে আমলে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া জরুরী।