কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ নেতার্মীর নামে মামলা হয়েছে। আজ রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ। এর আগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী বাদী হয়ে উপজেলা বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গত শনিবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে সদরের তিনকোনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলার পর আমরা এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।