দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর অপরাধের ঘটনা। সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে কিশোররা; জন্ম দিচ্ছে ভয়ংকর সব অপরাধের। একসময় যে কৈশোর নিয়ে সাহিত্যচর্চা হতো-নানাভাবে, নানা দৃষ্টিকোণ থেকে যে কৈশোরকে সমৃদ্ধ দেখা হতো এখন তা আতঙ্কের নামে পরিণত হয়েছে। পত্রিকার পাতা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, গলির মোড় থেকে চায়ের দোকান, গণপরিবহন থেকে টকশো সব জায়গায় ‘কিশোর গ্যাং’ বা ‘গ্যাং কালচার’ নিয়ে আলোচনা হচ্ছে। তবে সবার আগে আলোচনা হওয়া দরকার, কেন এবং কীভাবে কিশোর গ্যাং গড়ে উঠেছে। এর জন্য মূলত দায়ী,সমাজব্যবস্থা, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান,বন্ধুত্ব, ব্যক্তিত্ব ইত্যাদি ক্ষেত্রের নানা বিরুদ্ধ-উপকরণের সমন্বয়ে গড়ে ওঠে কিশোর গ্যাং। অনেক সময় বাবা-মায়ের ভিতর অন্তর্দ্বন্দ্ব, ডিভোর্স অথবা পরিবারের কেউ অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থাকা কিশোরকে অপরাধের দিকে ঠেলে দেয়।
দারিদ্রতা বা অভাব-অনটন যে কিশোর অপরাধের আর একটি অন্যতম কারণ। অস্তিত্ব টিকিয়ে রাখার খাতিরে দরিদ্র পরিবার থেকে উঠে আশা কিশোররা চুরি, পকেটমার, ছিনতাই এর মতো অপরাধে লিপ্ত হচ্ছে। যখন কোনো কিশোর অপরাধ সংঘটন করে তখন তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশে ক্রম বর্ধমান অপরাধের তুলনায় কিশোর সংশোধন কেন্দ্রের সংখ্যা অনেক নগন্য। সারাদেশে মাত্র তিনটি সংশোধন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য ছিল অপরাধীদের প্রশিক্ষণ দেয়া, বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয়া, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তবে অভিযোগ রয়েছে, এসব সংশোধন কেন্দ্রে তারা বিভিন্ন মানসিক নির্যাতনের শিকার হয়। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন অপরাধীদের একসাথে রাখার ফলে পরবর্তীতে এর নেতিবাচক বিভিন্ন প্রভাব পড়ে অপরাধীদের উপর। সংশোধন কেন্দ্র থেকে মুক্তির পর এসব ছোট অপরাধী (চুরি, পকেটমার) দেখা যায় বড় অপরাধে (খুন, ধর্ষণ) লিপ্ত হচ্ছে। কিশোরদের জন্য সংশোধন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বিনোদন ব্যবস্থা, শরীর চর্চা, ধর্মশিক্ষা, নৈতিকতা শিক্ষার ব্যবস্থা রাখতে হবে, যাতে তারা সহজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এভাবে সুদীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে কিশোরদের আলাদা করে গড়ে তুলতে হবে, তবেই কিশোর অপরাধ কমে যাবে। দেশ পাবে একজন আদর্শ নাগরিক। তাই পরিবার থেকে সচেতন হতে হবে। শিশু-কিশোরদের মোবাইল হাতে না দিয়ে বই পড়ায় উৎসাহী করে তুলতে হবে। যদি একটি শিশু, শিশু বয়স থেকে নারীর প্রতি শ্রদ্ধাবোধ, খেলাধুলা, থিয়েটার, সংগীত, সাংস্কৃতিক কর্মকা-সহ বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকে, যদি তার মনস্তাত্ত্বিক জায়গা বুঝে তাকে গড়ে তোলা হয়, তবে তার কৈশোর ভালো কাটবে আর কৈশোর ভালো কাটলে তার তারুণ্য হবে সবচেয়ে ফলপ্রসূ। দেশ এবং জাঁতি একটি ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পাবে।