মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম। বেঁচে থাকার জন্য দরকার নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার। জীবন ধারণের জন্য খাদ্যের কোনো বিকল্প নেই। তবে সে খাবার অবশ্যই হতে হয় ভেজাল মুক্ত। কিন্তু বর্তমানে বাজারে যে পরিমাণ ভেজালের ছড়াছড়ি তাতে মানুষ সুস্থ-সবল থাকা দূরে থাক, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে বাজারে এমন কোনো খাদ্যসামগ্রী পাওয়া যাবে না যেগুলোতে ভেজালের সংমিশ্রণ নেই। মাছ থেকে মাংস, দেশীয় ফল থেকে আমদানিকৃত ফল, শাকসবজি সব জিনিসেই ভেজাল রয়েছে। শিশুখাদ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব খাদ্যপণ্যেই এই ভেজালের ছড়াছড়ি। বর্তমানে খাদ্যে ভেজাল মেশানো বাংলাদেশের এক ভয়াবহ সমস্যা হয়ে দেখা দিয়েছে। এক প্রতিবেদনে দেখা যায় প্রতি বছর বিশ্বের প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণের কারণে অসুস্থ হয়। এর মধ্যে মারা যায় ৪ লাখ ৪২ হাজার মানুষ। এ ছাড়া দূষিত খাদ্য গ্রহণজনিত কারণে ৫ বছরের কম বয়সের আক্রান্ত হওয়া ৪৩ শতাংশ শিশুর মধ্যে মৃত্যুবরণ করে ১ লাখ ২৫ হাজার ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মরণব্যাধি ক্যানসারে, প্রায় দেড় লাখ আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে এবং প্রায় ২ লাখ আক্রান্ত হচ্ছে কিডনি রোগে, পাশাপাশি গর্ভবতী মায়ের শারীরিক দেখা দেয় বিভিন্ন জটিলতা এবং গর্ভজাত শিশু হয়ে পড়ে বিকলাঙ্গ। খাদ্যসামগ্রীতে যেসব কেমিক্যাল মিশিয়ে খাদ্যের মান নিম্নমুখী করা হয় সেগুলোর মধ্যে ফরমালিন বহুল পরিচিত। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম কারবাইড, সোডিয়াম সাইক্লেমেড, হেপ্টাক্লোর, মেলামিন, কালারিং এজেন্টস, ইঞ্জিনের পোড়া তেল, হরমোন ও সালফিউরিক অ্যাসিড। ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে মূলত মানুষের মৃতদেহ সংরক্ষণসহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সহজ মুনাফার পদ্ধতি হিসেবে খাদ্যদ্রব্যের পচন রোধে ব্যবহার করছে এই ফরমালিন। আবার দেখা যায় মাছের ফুলকাতে রঙ, মুড়িতে ইউরিয়া, চানাচুরে পোড়া মবিল, আখের গুড়ে হাইড্রোজ, কলাতে কৃত্রিম হরমোন মিশিয়ে খাবারের গুণগত মান কমিয়ে তা বিষাক্ত করে ফেলা হয়। দেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফার লোভে খাদ্যে ভেজাল ও মানহীন খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন বেড়েই চলেছে। খাদ্যে ভেজাল নিয়ে বিভিন্ন সময় ভোক্তা অধিকার সংস্থা, নাগরিক সমাজ ও গণমাধ্যমে জোরালো প্রতিক্রিয়া হলেও কোন ভাবেই থামানো যাচ্ছেনা এই ব্যাধি। ২০১৩ সালে ভেজাল খাদ্য প্রতিরোধে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ পাস করা হয়। এতে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর শাস্তি হিসেবে ৭ থেকে ১৪ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রাখা হয়েছে। প্রথমবার কেউ এ অপরাধ করলে সাত বছরের কারাদণ্ড ও অপরাধের ক্ষেত্রে ১০ লক্ষ এবং দ্বিতীয়বার ধরা পড়লে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা করা কথা বলা হয়েছে। কিন্তু এই আইন প্রয়োগের স্বদিচ্ছার অভাবে এখনো বাজারে ভেজাল খাবারের ছড়াছড়ি। তাই জনগণের সুরক্ষার জন্য এখনি সরকারকে ভেজাল খাবারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সামাজিক ভাবে সবাইকে সচেতন হতে হবে। খাদ্যে ভেজাল রোধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।