কর্ণফুলী নদীর সঙ্গে জাতীয় অর্থনীতির সম্পর্ক সরাসরি। এই কথাটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ নদী দখল-ভরাট ও দূষণের কবলে পড়েছে। কর্ণফুলী নদীর বাম তীরে আনোয়ারা উপজেলার বদলপুরা মৌজায়, সাগরের মোহনা থেকে দুই কিলোমিটার উজানে ড্রাই ডক তৈরি হচ্ছে। যেখানে এই নির্মাণকাজ চলছে, নদীর ঠিক অন্য পারে একইভাবে নদী দখল করে আরও স্থাপনা তৈরি হয়েছে, কিছু স্থাপনা তৈরির প্রস্তুতি চলছে। নদীটি এখানে সংকুচিত হয়ে পড়েছে। বর্তমানে এই স্থানে কর্ণফুলীর প্রস্থ ৪৫০ মিটারের কিছু বেশি, দুই দশক আগেও প্রস্থ ছিল প্রায় এক হাজার মিটার। ড্রাই ডক হচ্ছে বড় বড় জাহাজ বা নৌযান তৈরি, সংস্কার বা রং করার জন্য শুকনা কোনো স্থান। জাতীয় নদী রক্ষা কমিশন বলছে, নদীসংক্রান্ত আইন ও হাইকোর্টের রায় লঙ্ঘন করে এই স্থাপনা তৈরি হচ্ছে। বন্দরে জাহাজ চলাচলের জন্য কৌশলগত দিক থেকে কর্ণফুলী নদীর এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ড্রাই ডককে কেন্দ্র করে তৈরি হচ্ছে ব্যক্তিমালিকানাধীন ছোট একটি বন্দর। দুই হাজার ১৮৯টি অবৈধ স্থাপনা প্রতিনিয়তই গিলে খাচ্ছিল নদীটি। পূর্ণ জোয়ারে পানি যে পর্যন্ত ওপরে ওঠে এবং শেষ ভাটায় পানি নেমে যে জায়গায় পৌঁছায়, পানির এই দুই স্তরের মধ্যবর্তী স্থান নদীবিজ্ঞানে ফোরশোর নামে পরিচিত। নদীর দুই তীরের ফোরশোর নদীর মতোই গুরুত্বপূর্ণ। এটা নদীরই অংশ। তাই ফোরশোরে স্থাপনা তৈরি করা অবৈধ বলে জানিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। জাতীয় নদী রক্ষা কমিশনের দেওয়া স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত কর্ণফুলী ড্রাই ডকের স্থানে নদী ও ফোরশোর ছিল। ২০০১ সালের ছবি বলছে, ড্রাই ডকের এলাকায় নদী ও ফোরশোর ছিল। ২০০৯ সালের ছবিতেও তা দেখা যায়। ২০১৩ সালের ছবিতে পরিবর্তন চোখে পড়ে। তাতে দেখা যায়, এলাকায় ভরাট করে কিছু স্থাপনা তৈরি হয়েছে। ২০২৩ সালের ছবিতে দেখা যায়, নদীর অনেক ভেতরে ড্রাই ডকের অবস্থান। দেশের অর্থনীতির হৃদপিন্ড চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী বাঁচলে বন্দর বাঁচবে। বন্দর বাঁচলেই বাঁচবে দেশ, সচল থাকবে দেশের অর্থনীতি। সমৃদ্ধ হবে জাতীয় অর্থ ভা-ার। গতি পাবে দেশের উন্নয়ন। অর্থনীতির চাকা ঘুরলে সাধিত হবে দেশের সামগ্রিক অগ্রগতি। চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডলিং বৃদ্ধি পেলে ত্বরান্বিত হয় দেশের উৎকর্ষতা। বলা যায়, এই কর্ণফুলী নদীর সঙ্গে জাতীয় অর্থনীতির সম্পর্ক সরাসরি। এত গুরুত্বপূর্ণ নদী হওয়ার পরও লোলুপ-লোভাতুর দৃষ্টির কবল থেকে মুক্ত থাকতে পারেনি নদীটি। তাই এখনই সব ধরনের নির্মাণকাজ বন্ধ করা দরকার।