ঢাকাবাসীর জীবন থেকে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা সময় কেড়ে নিচ্ছে এই যানজট। যানজট নিরসনের জন্য কতই না উদ্যোগ আর পরিকল্পনা নেয়া হলো! কত মেগা প্রকল্প বাস্তবায়িত হলো, আর হচ্ছে! এমন এক প্রকল্পের নাম মেয়র হানিফ ফ্লাইওভার। ২০১৩ সালের অক্টোবরে চালু হয় গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার। ঢাকার সবচেয়ে বড় ও ব্যয়বহুল এ ফ্লাইওভারটিকে নিয়ে জনমনে তীব্র প্রত্যাশা ছিল, এবার হয়তো এ অঞ্চলের মানুষের যানজটের অভিশাপ থেকে মুক্তি মিলবে। মুক্তি কি এতোই সহজ? যে যানজটের কবলে পড়তো মানুষ সড়কে, তার চেয়েও দ্বিগুণ যানজটের কবলে এখন মানুষের পড়তে হয় উড়াল সড়কে। গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামতে গেলে দেখা যায় যানজট। কখনও কখনও সে যানজট ফ্লাইওভারের পেছনে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে লাখ লাখ যাত্রীর। যানজট থেকে পথচারীদের ভোগান্তি কমাতে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। কিছু ফ্লাইওভারে টোল না থাকলেও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানবাহনকে টোল দিতে হয়। যাত্রীরাও যানজট এড়াতে অতিরিক্ত টাকা ভাড়ার সঙ্গে দিয়ে থাকেন। কিন্তু মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানজট নিত্যঘটনা হয়ে গেছে। প্রায় প্রতিদিনই সায়েদাবাদ থেকে গুলিস্তান পর্যন্ত দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় গণপরিবহন। ফলে যাত্রীরা যে উদ্দেশ্যে অতিরিক্ত টাকা দিচ্ছেন, সে সুফল পাঁচ্ছেন না। প্রতিদিনই দেখা যাচ্ছে গুলিস্তান এবং গোলাপবাগ অংশে নামতে সায়েদাবাদে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যানজট নিয়ন্ত্রণের জন্য স্বয়ংক্রিয় বিভিন্ন পদ্ধতিতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করেও সুফল মিলছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের পরিসংখ্যান মতে, রাজধানীতে ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে সবচেয়ে বেশি গাড়ির নিবন্ধন হয়েছে ২০১৮ সালে। দৈনিক গড়ে ৪৬৯টি। গত বছরের হিসাবে রাজধানীতে প্রতিদিন ৩৭১টি নতুন গাড়ি নেমেছে। বর্তমানে তা আরও বেড়েছে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার অন্যতম প্রধান কারণ হলো, গাড়ি বেহিসাবে বাড়ছে। ফলে সব ধরনের পদক্ষেপ ব্যর্থ হচ্ছে। গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করলে লালবাতি জ্বলতে থাকলেও গাড়ি চলে। নানা রঙের বাতি জ্বললেও ট্রাফিক পুলিশকে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়। ডিজিটাল লালবাতির পাশাপাশি ট্রাফিক পুলিশও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছে। এসব ব্যবস্থা কোনো সুফল আনবে না। ঢাকার যানজট নিরসনের জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। ছোট গাড়ি কমিয়ে বাস বাড়াতে হবে। আর আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। শুধু আইন বা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে যানজট নিরসন করা যাবে না।