নারীর প্রতি সহিংসতা যেন একটি নিয়মিত ঘটনা। গণমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় দেশের কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে। এখন নারীর প্রতি সহিংসতার কোনো সামাজিক বা জাতীয় সীমারেখা নেই। বিশ্বজুড়ে আনুমানিক প্রতি তিনজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময় শারীরিক অথবা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। বাংলাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় মানবাধিকার গ্রুপ, আইনি সহায়তা সংস্থা এবং গণমাধ্যমগুলো যেসব প্রচেষ্টা চালিয়েছে, এখনো তার কোনো ফল পাওয়া যায়নি। নারীর প্রতি সহিংসতা ব্যক্তি, পরিবার এবং সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। এ ক্ষেত্রে থাকছে না বয়স, স্থান, কাল, পাত্রের ভেদ। অনেক নারীরা হচ্ছেন পারিবারিক সহিংসতার শিকার। এ সহিংসতার ফলে মৃত্যুর মতো করুণ পরিণতি অনেককে ভোগ করতে হয়। পারিবারিক সহিংসতার একটি প্রধান কারণ যৌতুক এবং যৌতুক সংক্রান্ত মৃত্যু ও আত্মহত্যার সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। এই সংখ্যা সত্যিই ভয়ংকর। আমরা মনে করি প্রকৃত চিত্র আরও ভয়ংকর হতে পারে। আমরা যদি এ ধরনের জঘন্য অপরাধের ভুক্তভোগীদের প্রতি মানসিকতা পরিবর্তন করতে না পারি, আমাদের বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার আনতে না পারি, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের এবং সমাজকে এই বিষয়ে সচেতন করতে না পারি এবং অপরাধীর ভোগ করা দায়মুক্তির সংস্কৃতি ভাঙতে না পারি, তাহলে আমাদের নারী ও কন্যা শিশুদের জন্য পরিস্থিতির পরিবর্তন হবে না এবং আগামী বছরগুলোতে হয়তো আরও বেশি সংখ্যক ধর্ষণের ঘটনা দেখতে হবে। আমাদের সুন্দর আগামী গড়তে হলে দরকার সহিংসতামুক্ত পরিবার। নারীর ওপর যে কোনো ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার এবং রুখে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্য হয়ে গড়তে হবে শান্তিপূর্ণ ও ন্যায়বিচার কার্যক্রম প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন সংক্রান্ত বাস্তব-ধর্মী প্রশিক্ষণ ও সচেতনতামূলক কাজের মাধ্যমে এমন সমাজ ব্যবস্থাকে উৎসাহিত করা, যেখানে ন্যায়পরায়ণতা, সুবিচার, সমঅধিকার, জবাবদিহিতা, বহুমতের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও সরল জীবনযাপনের সামাজিক সংস্কৃতি গড়ে ওঠে। শিশু, কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।