একজন মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ চাহিদা। একজন মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা কোন বিকল্প নেই। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থায় কোচিং বাণিজ্য মহামারী আকার ধারণ করেছে। রাজধানীসহ দেশের প্রায় প্রতিটি জেলা, এমনকি থানা শহরেও রয়েছে এর শাখা ও প্রশাখার বিস্তার। কোনোভাবেই যেন রোধ করা যাচ্ছে না শিক্ষা ধ্বংসের এই আত্মঘাতী প্রবণতা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষকদের একাংশ সতর্ক হলেও চোখ ফাঁকি দিয়েই চলছে কোচিং বাণিজ্য। দেখা যায় কিছু অসাধু শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানে মনযোগী না হয়ে কোচিং বাণিজ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখেন। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই সকল শিক্ষকদের পরিচালিত কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হন। অনেক সময় দেখা যায় সাবজেক্টের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীকে ফেল পর্যন্ত করিয়ে দেওয়া হয়। এক গবেষণায় দেখা গেছে, সারা দেশে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের মোট শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৫ কোটির বেশি। এর মধ্যে অর্থের বিনিময়ে কোচিং নেয় ৪ কোটি ২৪ লাখের মতো শিক্ষার্থী। ছোট-বড় মিলিয়ে দেশে কোচিং সেন্টারের সংখ্যা দুই লাখের মতো। আর এসব কোচিং সেন্টারে প্রতি বছর লেনদেন হয় ৩৫ হাজার কোটি টাকার মতো। ২০১১ সালের উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়ার ঠিক পরের বছরই‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’নামে একটি নিতিমালা জারি করা হয়। কিন্তু স্বদিচ্ছার অভাবে বর্তমানে মাঠ পর্যায়ে এই নীতিমালা বাস্তবায়নের হার প্রায় শূন্য। পাশাপাশি নীতিমালায় শাস্তির বিধান না থাকা ও শিক্ষা আইন প্রণয়নে দীর্ঘসূত্রতার কারণে থামানো যাচ্ছেনা এই কোচিং বাণিজ্য। দেশে যদি এই হারে কোচিং বাণিজ্য চলতে থাকলে শিক্ষার মূল লক্ষ্য খুব তাড়াতাড়ি ব্যর্থ হবে। সৃজনশীল শিক্ষার্থীর অভাবে পড়বে রাষ্ট্র ও সমাজ। তাই সরকারকে এখনি সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। বাণিজ্য বন্ধে শুধু নীতিমালা জারি করলেই হবে না, নীতিমালা বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। কোনো শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে কঠোর শাস্তি প্রদান করতে হবে। মূল বই ও মূল ক্লাসকে প্রাধান্য দিতে হবে। এর পরও যারা দুর্বল থাকবে, অভিভাবক তাদের জন্য গৃহশিক্ষক রাখাসহ নানা পদক্ষেপ নিতে হবে। কিন্তু কোচিংকে বাণিজ্যিক রূপ দেওয়া যাবে না। পাশাপাশি নোট বা গাইড বইসহ সব রকম সহায়ক বই নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি একবারে সারাদেশের কোচিং বন্ধ করা সম্ভব নয় তাই কোচিংকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য অবিলম্বে দেশের সব স্কুল, কলেজভিত্তিক কোচিং বাণিজ্য ধীরেধীরে বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।