বগুড়ায় (১৮ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকায় গোদারপাড়া তা'লীমুল কুরমান মহিলা মাদ্রাসার এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধার হওয়া ছাত্রী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাট্টি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে শেফা আক্তার (১৫)।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন জানান, শেফা দীর্ঘ ৪ বছর ধরে গোদারপাড়া তা'লীমুল কুরমান মহিলা মাদ্রাসাটিতে পড়াশোনা করেন৷ সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ শেফা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ১০ টার দিকে মাদ্রাসার স্টোরকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ছাত্রটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, শেফা আক্তারের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।