বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম, এমপি। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রশিক্ষণ ভাতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একই অনুষ্ঠান মঞ্চে ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষাসপ্তাহের পুরস্কার বিতরণ ছাড়াও তথ্য-আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ প্রদান করা হয়।
শাহ্রিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, তাঁকে আটকে রাখতে পারে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন- তাঁকে কেউ আটকাতে পারবে না।
কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমাদের বড় সমস্যা ছিল নারীদের ক্ষমতায়নে আমরা এগিয়ে যেতে পারছিলাম না, শেখ হাসিনার আমলে আমরা তা করতে পেরেছি। এখন গ্রাম পর্যায়ে আমাদের মা-বোনেরা সুন্দর কিছু হাতের কাজ করছে, সেগুলো অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে সরকার। এতে করে নারীদের উপার্জন হচ্ছে- এ ভাবেই নারীর ক্ষমতায়ন হবে।
তথ্য-আপা প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, এর মাধ্যমে কোনো নারী পড়া-লেখা জানুক বা না জানুক, কম্পিউটার চালাতে পারুক বা না পারুক সে তাঁর চারপাশে কি হচ্ছে না হচ্ছে তা জানতে পারছে; কী করলে তাঁর ভাগ্যের উন্নয়ন হবে সে বিষয়ে জানতে পারছে। তিনি বলেন, একসময় রাজশাহীতে মেয়েদের খেলাধুলা করানো যেত না। গত বছর আমাদের এই অঞ্চলের স্কুল ঢাকায় বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় প্রতিযোগিতা করেছে। ফলে এ অঞ্চলের নারীদের এত পরিবর্তন হয়েছে যা ভবিষ্যতে এই নারীদের কেউ থামাতে পারবে না, তারা নিজেরাই নিজেদেরকে গড়ে তুলবে।
বিশেষ উঠান বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যা-বুদ্ধি থাকলে আত্মমর্যাদাশীল দেশ গড়ে তোলা যায়। দেশকে আরও স্বনির্ভর করতে যুব উন্নয়ন প্রশিক্ষণ ও তথ্য-আপা প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষিত করা হচ্ছে। লোভ-লালসা আর স্বার্থপরতার এই সময়ে এগুলো মানুষকে সাহায্য করবে। আপনাদের মাধ্যমে ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।
এ সময় প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন তুলে ধরে বলেন, আমি বলবো-পদ্মাসেতু এলাকার রাস্তা-ঘাটের চেয়ে আমার এলাকার রাস্তা-ঘাট ভালো।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আনোয়ার হোসেন, ও চারঘাট পৌরসভার মেয়র মো. একরামুল হক।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও তথ্য-আপা প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী বাঘা উপজেলার আড়পাড়া উচ্চবিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন বলে শনিবার বিকেলে নিশ্চিত করেছেন তথ্যবিবরণী।