নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার ১৫ সেপ্টেম্বর শহরের পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকায় এটি ঘটে। এদের মধ্যে ১৪ জন সৈয়দপুর ১০০ শয্যা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নেয়। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন বলেন, হঠাৎ একটি শিয়াল বাঁশঝাড় থেকে বের হয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া, খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার অন্ততঃ ১৫ জনকে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্বজনরা আহতদের সৈয়দপুর ১০০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে যায়। সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, শিয়ালে কামড়ানো আহত রোগীদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে বলে জানান তিনি।