‘আজকের তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তবে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে আগে জ্ঞান বৃদ্ধি করতে হবে। আর জ্ঞান বৃদ্ধি করতে বই পড়ার কোনো বিকল্প নেই।’ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী কলেজ মাঠে আয়োজিত সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আবদুল খালেক।
তিনি আরো বলেন, শেখার মূল উপাদানই হলো বই। পাঠকের জ্ঞান ও বিবেক বিকশিত হয় বই পড়ার মাধ্যমে। শরীর সচল থাকে ব্যায়ামের মাধ্যমে আর মস্তিষ্ক সচল থাকে বই পড়ার মাধ্যমে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বই পড়ার পাশাপাশি ধর্মীয় ও সাধারণ জ্ঞানের বই পড়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিভাগীয় বইমেলা ২০২৩ এ অংশগ্রহণকারী ৬০টি বইয়ের স্টল থেকে সেরা তিনটি স্টলকে ক্রেস্ট, সনদ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।