রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মো. মকবুল হোসেন (৭৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালটির ১৪ নম্বর ওয়ার্ডে (ডেঙ্গু ওয়ার্ড) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে তার মৃত্যু হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ ছাড়া রামেক হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন রোগী ভর্তি হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪৬।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ বলেন, চলতি ডেঙ্গু জ¦র মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৪৩৩ জন রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮২৯ জন। আর বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
রামেক হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উল্লেখ করে হাসপাতাল পরিচালক আরো বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় যা যা করণীয় আমাদের পক্ষ থেকে তা করা হচ্ছে এবং হবে। তবে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষার জন্য জনসচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি।