গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেলগেট এলাকায় একটি ইজিবাইকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় অন্তত দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, যাত্রী নিয়ে একটি ইজিবাইক পূবাইলের দিকে যাচ্ছিল। একপর্যায়ে ইজিবাইকটি পূবাইল রেলগেট এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আহত হন চারজন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার এসআই রাশেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।