এশিয়ান পরাশক্তি জাপানের কাছে শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হবার পর কোচের পদ থেকে হ্যান্সি ফ্লিককে ছাঁটাই করেছে জার্মানী। জার্মান এফএ (ডিএফবি) এই ঘোষনা দিয়েছে। ঘরের মাঠে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপ শুরু হবার মাত্র নয় মাস আগে কোচ বরখাস্ত করে জার্মানরা বেশ বিপাকেই পড়লো। ১৯২৬ সালে প্রথমবারের মত জার্মান দলে প্রধান কোচের পদটিতে নিয়োগ শুরু হয়েছিল। তারপর প্রথম ও একমাত্র কোচ হিসেবে এই পদ থেকে বরখাস্ত হলেন ফ্লিক। ২০০২ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে অস্থায়ী কোচের দায়িত্বে থাকা জার্মান জাতীয় দলের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর রুডি ফয়লার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন। জার্মান এফএ বস ব্রেন্ড নুয়েনডর্ফ বলেছেন সাম্প্রতিক সময়ে দলের হতাশাজনক পারফরমেন্সে ছাঁটাইয়ের বিকল্প ছিলনা। এক বিবৃতিতে নুয়েনডর্ফ বলেছেন, ‘ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে আমাদের দলে এখন স্পিরিট ও আত্মবিশ্বাস প্রয়োজন। কোচ বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়াটা সত্যিই বেশ কঠিন ছিল।’ তবে ইউরো ২০২৪’র চূড়ান্ত পর্বে জার্মানীর কোচের দায়িত্বে ফয়লারকে দেখা যাবেনা, এটা নিশ্চিত। ফ্লিকের জায়গায় বায়ার্ন মিউনিখের দায়িত্ব পাওয়া সাবেক কোচ বর্তমানে চাকরিবিহীন থাকা জুলিয়ান নাগলসম্যানকে জাতীয় দলের পরবর্তীয় কোচ হিসেবে দেখার সম্ভাবনাই বেশী। মে মাস থেকে কাজের বাইরে থাকা এইনট্রাখট ফ্রাংকফুর্টের সাবেক বস অলিভার গ্লাসনারের নামও তালিকায় উঠে এসেছে। উল্ফসবার্গে প্রীতি ম্যাচে ব্লু সামুরাইদের বিপক্ষে পুরোপুরি আগাছালো একটি দল ছিল জার্মানরা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের কারণে পরাজয়ের ব্যবধান বাড়েনি। ডিসেম্বরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর গত ছয় ম্যাচের চারটিতেই পরাজিত হয়েছে জার্মানী। প্রীতি ম্যাচের শেষ ভাগে হান্সির বিদায়ের পক্ষে অনেক সমর্থকই আওয়াজ তুলেছেন। জোয়াকিম লোয়ের ১৫ বছরের সফল মেয়াদ শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানীর ১০ম কোচ হিসেবে ২০২১ সালের মে মাসে নিয়োগ পেয়েছিলেন ফ্লিক। মাত্র ১৮ মাসের মেয়াদে তিনি বায়ার্ন মিউনিখকে সাতটি ট্রফি উপহার দিয়েছিলেন। জার্মানীর বস হিসেবে তার শুরুটাও ভাল হয়েছিল। প্রথম আট ম্যাচেই তার অধীনে জয়ী হয়েছিল জার্মানরা। এরপর ১৭ ম্যাচে জিতেছে মাত্র চারটিতে। শনিবারের ম্যাচের পর ফ্লিক অনেকটাই আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন তিনি মনে করেন এই মুহূর্তে জার্মানীর জন্য তিনিই সঠিক কোচ। জার্মানী যেভাবে খেলছে তাতে তিনি সন্তুষ্ট। ফয়লারের অধীনে ডর্টমুন্ডে আগামীকাল বিশ্বকাপ রানার্স-আপ ফ্রান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে জার্মানী।