রাজশাহী মহানগরীর হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাগজের ঠোংগা বানানোর ব্যবসায় উদ্বুদ্ধ করণে দিনব্যপী প্রশিক্ষণ প্রদান করেছে বে-সরকারি সংস্থা সচেতন সোসাইটি। সোমবার (১১ সেপ্টেম্বর) নগরীর শালবাগানে অবস্থিত সচেতন সোসাইটির প্রশিক্ষন কক্ষে এই প্রশিক্ষণের আওতায় থাকা ৮টি স্লামের ২০ জন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৫, ৭, ১৭, ২১, ২৪, ২৬, ২৭, ও ২৮ নম্বর ওয়ার্ডের কোর্ট ষ্টেশন, শ্রীরামপুর, রায়পাড়া, শিরোইল বাস্তুহারা, হাদির মোড় নদীর ধার, জামালপুর, পল্টু কমিশনারের স্লাম ও ফুলতলা নদী বাঁধের এই ৮টি স্লামের উপকারভোগিদের জীবন মান উন্নয়নে আরবান ম্যানেজমেন্ট ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এবং আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এ- লাইভলিহুড প্রজেক্টের আওতায় থাকা হতদরিদ্র নারীরা প্রশিক্ষণের সুযোগ পায়।
জিআইজেড-এর আর্থিক সহায়তায়, সমাজসেবা অধিদপ্তর ও রাসিকের কারিগরি সহযোগিতায় সচেতন সোসাইটি এই প্রশিক্ষণ কার্যক্রমটির আয়োজন ও পরিচালনা করেন। প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মো. আবদুল্লাহ, ইউএমআইএমসিসি’র প্রজেক্ট ম্যানেজার মো. রফিকুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার শিরিনা ইয়াসমিন।
এর আগে প্রশিক্ষণটির উদ্বোধন করেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মহোদয় মো. হাসিনুল ইসলাম চুন্নু। এই কার্যক্রমটি সচেতন সোসাইটি রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১১টি ওয়ার্ডে ২০১৮ সাল থেকে সফলতার সাথে বাস্তবায়ন করছে বলে জানা গেছে।