রাজশাহীতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে বই পড়ার কোনো বিকল্প নাই। কারণ, বই পড়ার অভ্যাস সমাজে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, আমরা যদি সত্যিকার সোনার বাংলা চাই, তা হলে বই পড়তে হবে। কারণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নাগরিকদের বই পড়ার কোনো বিকল্প নাই। তাই সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী কলেজ মাঠে আয়োজিত ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, যে জানে আর যে জানে না- ওই দুজন কখনও এক হতে পারে না। আমাদেরকে বই ভালবাসতে হবে, বই পড়তে হবে। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই পড়তে ভালবাসতেন। তিনি কারাগারে থাকা অবস্থায়ও অত্যন্ত কঠিন সময়ের মধ্যে নানা ধরনের বই পড়েছেন এবং বই লিখেছেন। এ কারণে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর এই আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তিনি।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আকন্দ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল খালেক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মো. সাইফউদ্দিন শাহীন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৩-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এবারের বিভাগীয় বইমেলায় অংশগ্রহণ করেছে ৬০টি বইয়ের স্টল।