রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মুন্না মিয়া (১৮) ও নাইস আহমেদ (১৯) নামে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুর ১২ টারদিকে নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে নেমে নিখোঁজ হন তারা। মুন্না পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলী’র ছেলে এবং নাইস নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে। এর মধ্যে নাইস আলমবিদিতর ইউনিয়নের বিদতর হরিনাথ এলাকায় নানা’র বাড়িতে থেকে লেখাপড়া করতেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে মুন্না, নাইসহ ৬ বন্ধু তিস্তা নদীর ধারে ফুটবল খেলছিল। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামেন। চারজন নদী থেকে উপরে উঠে আসলেও মুন্না ও নাইস নদীতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মনতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাতজন কর্মীসহ রংপুর থেকে ডুবরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে।