মেধা পাঁচার অন্য সব উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও নিত্যনৈমিত্তিক ঘটনা। নিজ দেশে বিকশিত হওয়ার মতো পর্যাপ্ত প্রযুক্তি ও গবেষণা সুবিধার অভাব, নিরাপত্তাহীনতা, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা ফলে মেধাবী তরুণ প্রজন্মের একটি বিরাট অংশ উন্নত দেশগুলোয় পাড়ি জমায়। কেননা দেশে শিক্ষা ও গবেষণার কাজে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও স্বাধীনতার নিশ্চয়তা, গবেষণার অত্যাধুনিক সরঞ্জামের সহজ প্রাপ্তি শিক্ষার্থীদের স্থায়ীভাবে থেকে যেতে আকৃষ্ট করে। এ ছাড়া অপর্যাপ্ত গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহ, মেধা অনুসারী পারিশ্রমিক না পাওয়া এবং চাকরি বাজারে দক্ষতা থেকে আনুষঙ্গিক বিষয়াদি বেশি গুরুত্ব পাওয়ায় মেধাবীরা বিদেশমুখী হচ্ছে। ফলে এদেশ দক্ষ ও মেধাবী নাগরিক হারিয়ে তাদের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। আর এই মেধাবী জনশক্তি উন্নত বিশ্বের গবেষণা, প্রযুক্তি আর স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে সেসব দেশকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে। প্রতিবছর আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি দেন আমেরিকা, ইংল্যান্ড বা এ জাতীয় উন্নত দেশে। তাদের মধ্যে অধিকাংশই পড়াশোনা শেষ করে সেখানে চাকরিতে ঢুকে পরবর্তী সময়ে সেখানকার স্থায়ী নাগরিক হয়ে যান। দক্ষ এবং মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখিতা একটি ভাবনার বিষয়। একজন মেধাবী শুধু নিজের ব্যক্তিগত জীবনেই নয় বরং পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে অভূতপূর্ব অবদান রাখতে সক্ষম হন। পরিতাপের বিষয় হল, উচ্চশিক্ষিত হয়েও চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়ে কেউ বা বেছে নেয় আত্মহত্যা কিংবা কেউ হয়ে পড়ে মাদকাসক্ত। ফলে সদ্য অনার্সে ওঠা শিক্ষার্থীরা এমন দৃশ্য দেখে চিন্তা করে, লেখাপড়া করেও এখানে চাকরির নিশ্চয়তা নেই। তাই পড়াশোনার জন্য ৫-৬ বছর নষ্ট না করে আইইএলটিএস করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাই শিক্ষার গুণগত মান বাড়িয়ে কাজের অনিশ্চয়তা দূর করে, যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে পারলে মেধা পাঁচার বন্ধ করা সম্ভব হবে। এর জন্য প্রয়োজন প্রযুক্তিবিদ ও দক্ষ জনশক্তি। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয়েও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষ মানবসম্পদ না থাকায় প্রতিযোগিতামূলক বৈশি^ক প্রেক্ষাপটে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছেনা। আমাদের আছে আছে বিপুল পরিমাণ জনসংখ্যা। দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এই বিপুল পরিমাণ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদের রূপান্তর করতে হবে। যদিও স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর পক্ষে মেধা পাঁচার সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব না। তাই কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই হার কমিয়ে আনা অত্যন্ত প্রয়োজন।