অসাধু সিন্ডিকেটের থাবায় এবার আলুর দাম বাড়তির তালিকায়। তদারকির অভাবে সুযোগ পেলেই চক্রের সদস্যরা পণ্যের দাম বাড়িয়ে কাটছে ভোক্তার পকেট। এই দাম বাড়ানোর পেছনে খুচরা বিক্রেতা ও পাইকারি বিক্রেতারাই শুধু দায়ী নন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আমদানিকারক ও বড় বড় কোম্পানির যোগসাজশও রয়েছে। এযাবৎ তাদের কোনো জবাবদিহি করতে দেখা যায়নি। কারণ এদের অর্থ ও ক্ষমতার জোর অপরিসীম। বাংলাদেশের প্রতিটি সেক্টরই যেন সিন্ডিকেটের কালো থাবায় ক্ষতবিক্ষত। যে সরকার যখন ক্ষমতায় আসে তখন সেই দলের ছত্রচ্ছায়ায় এই সিন্ডিকেট গড়ে ওঠে। এ পরিস্থিতিতে সব চেয়ে বিপাকে পরেছেন নিম্মবিত্ত ও মধ্যবিত্ত আয়ের লোকেরা। চাল-আটার মতোই দেশের প্রধান খাদ্যপণ্যের একটি হচ্ছে আলু। আমাদের দেশে এমনও কিছু নিম্মবৃত্তি পরিবার রয়েছে যাদের দিন এনে দিন খেতে হয়। তাই তাদের জন্য হলেও অসাধু সিন্ডিকেটের থাবা বন্ধ করা দরকার। সিন্ডিকেটের কারণে গত সপ্তাহে আলুর প্রতি কেজি কেনাবেচা হয় ৪০ টাকা। এ সপ্তাহে বেড়ে হয়েছে ৫০ টাকা। অথচ কৃষক পর্যায়ে এই আলু বিক্রি হচ্ছে ১৫ টাকায়। সরকার মূল্য নির্ধারণ করে দিলেও তা বাজারে কার্যকর হয়নি। ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করছেন। ফলে দামের উত্তাপে নাকাল ভোক্তা। যদিও আলুর বাজার স্থিতিশীল করতে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। কোনো মজুদদারের কাছে দ্বিগুণ আলু মজুদ থাকলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। তারপরেও আলুর দাম বাড়াতে তৎপর অসাধু ব্যবসায়ীরা। কিন্তু আলুর দাম বাড়লে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। তাই যে ভাবেই হোক আলুর বাজারের এ সিন্ডিকেট বন্ধের দাবি জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে চক্রের সদস্যদের চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন, এবং তারা কেন থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে সে বিষয়টি ও খতিয়ে দেখা হোক। কেননা গত বছরের তুলনায় এখন প্রায় দেড়গুণ বেড়েছে আলুর দাম। এ অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে এখন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করা ও ফেরি এবং টোল প্লাজায় আলু বহনকারী পরিবহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার নিশ্চিত করতে হবে। বিভিন্ন তদারকি সংস্থা এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে আলুর বাজারের এ অস্থিরতা। আশা করি সরকার, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম স্থায়ীভাবে টেনে হতভাগ্য ও অসহায় জনগণকে বাঁচার সুযোগ দেবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।