কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে ভারতীয় বিএসএফের গুলিতে মানিক মিয়া (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সাথীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দুলাল চন্দ্রপাল তাকে মৃত্যু ঘোষনা করেন।
পুলিশ খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বান্ছাচর গ্রামের আবদুল মোত্তালেব এর পাকের ঘর থেকে তার লাশ উদ্ধার করে থানায় আনে। রোববার ভোররাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর সীমান্তে এ ঘটনাটি ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আবদুল বাতেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, একদল গরু ব্যবসায়ী মোল্লারচর আন্তর্জাতিক সীমানা ১০৬২ মেইন পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাটাতারের বেড়ার উপর দিয়ে ভারতীয় গরু পাচার করতে ছিল। এ সময় টহলরত ভারতীয় কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে মাটিতে লুটিয়ে পড়ে। সাথীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মোতালেব এর স্ত্রী সাজেদা খাতুন বলেন, ভোররাতে ৪/৫জন লোক আমার বাড়িতে মানিকের লাশটি রেখে তারা পালিয়ে যায়। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকি বলেন, আমি ঘটনাটি শুনেছি। সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে এবং সীমান্তে এ ধরনের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়দা তদন্তের পর পরিবারকে ফেরৎ দেওয়া হবে।