নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার (৩০ আগষ্ট) এক শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ছিলেন মহান মুক্তিযুদ্ধ ও দেশের রাজনীতিতে অবদান ছিল অসামান্য। তিনি বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ছিলেন একজন নিবেদিত প্রাণ। শত প্রলোভনের মুখেও সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন। সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে বৃহত্তর রাজশাহী বিভাগ তথা দেশের অপূরণীয় ক্ষতি হলো।
মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস নাটোর-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৃণমূল পর্যায়ের সংগঠক যার অবদান বৃহত্তর রাজশাহী বিভাগে অত্যন্ত গুরূত্বপূর্ণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শাহরিয়ার আলম এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস বুধবার (৩০ আগষ্ট) সকাল ৭টা ২২ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।