বর্তমানে বাংলাদেশের সকল সমস্যার মূল হলো সুশাসনের অভাব। বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক খাতে যত অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা এবং সুশাসনের অভাব-সবকিছুর পেছনে রয়েছে একটি অদৃশ্য শক্তি। এ শক্তি অপকর্মের সঙ্গে জড়িত থাকার দৃশ্যমান কোনো প্রমাণ না থাকায়, সব সময় থাকে ধরাছোঁয়ার বাইরে এই মহলটি। কিন্তু এই অদৃশ্য শক্তির থাবা নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থিক খাত আরও ধসে পড়বে। অতএব আমাদের ভবিষ্যতে এগোতে হলে অবশ্যই সুশাসনের অভাব দূর করতে হবে। কেননা, আর্থিক বিরবণী যদি আমরা দেখি, বেশির ভাগই ক্ষতির সম্মুখীন। চরম অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেয়ায় সংকট তৈরি হয়েছে। এটি দেশের আর্থিক খাতের জন্য অশনি সংকেত। ব্যবসা পরিচালনার নামে দেশের তফসিলি ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে হজম করে ফেলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ ছাড়া ব্যাংকগুলোতে রাজনৈতিক প্রভাব তো রয়েছেই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক দলের নেতারা আর বেসরকারি ব্যাংকগুলোতে ব্যাংকের পরিচালকরা অনেক সময় প্রভাব বিস্তার করে ঋণ অনুমোদন করে। অনেক সময় যথাযথ প্রতিষ্ঠানকে ঋণ প্রদান না করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা হয়। এসব ঋণ সময়ের ব্যবধানে খেলাপি ঋণে পরিণত হয়। এ নিয়ে সরকারি বিভিন্ন মহলে এবং ব্যাংক খাত সংশ্লিষ্টদের মধ্যে দারুণ অস্বস্তি রয়েছে। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া অর্থ আত্মসাৎ সম্ভব নয়। অনেক ক্ষেত্রে ভুয়া কাগজপত্র ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের ঋণ দেয়াই এর প্রমাণ। ‘ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হলে প্রথমেই ঋণখেলাপিসহ প্রতিটি অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা-পরিচালকদের সাজা নিশ্চিত করতে হবে।’ প্রয়োজনে তাদের সম্পদ জব্দ করে জনগণের শ্রম-ঘামের আমানত উদ্ধার করতে হবে। রাজনৈতিক প্রভাবের কাছে যেন রিকভারি এজেন্টরা জিম্মি হয়ে না পড়ে সেদিকেও গভীর মনোযোগ দিতে হবে। এই খাতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করার দায়িত্ব যে কর্মকর্তাদের তারাই যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাহলে বিপর্যয় অনিবার্য। ফলে আর্থিক খাতের যাতে আরও পচন না ধরে সেজন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং তদন্তকালে যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এই রাস্তায় হাঁটার সাহস না পায়।