নীলফামারীর সৈয়দপুরে তিন সন্তানের জননী লাভলী বেগম (৪৫) আত্মহত্যা করেছে। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। ২৩ আগস্ট এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠায় পুলিশ। নিহত লাভলী বেগম ওই ইউনিয়নের মহিলা মেম্বার রেজেকা বেগমের দেবর সবুজ এর দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছে।
তবে নিহতের বড় ভাইয়ের অভিযোগ এটি আত্মহত্যা নয় হত্যাকান্ড। এলাকার লোকজন জানায়, নিহতের বাবার বাড়ী কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি ঘেন পাড়ায়। ২০ বছর পুর্বে পালিয়ে বিয়ে হয় সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সবুজ আলির সাথে। লাভলী ছিল সবুজের দ্বিতীয় স্ত্রী। সৈয়দপুর থানার তদন্ত অফিসার মফিজুল হক বলেন, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।