প্রতারণার ফাঁদে পা দিয়ে দেশে সহজসরল মানুষের সর্বস্বান্ত হওয়ার নজির নতুন নয়। নিকট অতীতেও নানা উপায়ে প্রতারকচক্র সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে গেছে। যুবক, ডেসটিনি কিংবা ইভ্যালির মতো ঘটনা সংবাদমাধ্যমের কল্যাণে আলোচিত হলেও কিছু মানুষ বারবার একই পথে হাঁটেন। পুড়ে যাবে জেনেও পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, তেমনই বিনাশ্রমে অর্থলাভের লোভে মানুষ ঋণ করে হলেও এসব জায়গায় বিনিয়োগ করেন। সম্প্রতি অ্যাপভিত্তিক অনলাইন ট্রেডিং গ্রুপ ‘মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই)’-এর প্রতারণায় দেশের লাখ লাখ মানুষ পথে বসেছে। খবরে প্রকাশ, ইতোমধ্যে চক্রটি বাংলাদেশিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। প্রতারিতদের বেশির ভাগই তরুণ এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রয়েছেন শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংবাদিকসহ অন্যান্য পেশার মানুষও। চলতি বছরের বিভিন্ন সময়ে এ অ্যাপের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়া যাওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। যারা সচেতন হয়েছেন, তারা প্রতারণার ফাঁদে পড়েননি; কিন্তু যারা লোভ ত্যাগ করতে পারেননি, দুর্দশা আজ তাদেরই। এমটিএফই-এর মতো প্রতারক অনলাইন ট্রেডিং গ্রুপের কথা আলোচনায় এলেও এমন আরও অবৈধ বেটিং ও ট্রেডিং অ্যাপ দেশে কার্যক্রম চালাচ্ছে। সেসব অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনও হচ্ছে। দেশে অর্থ এবং সাইবার সিকিউরিটিসংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের অবিলম্বে এ ব্যাপারে অনুসন্ধান চালানো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। পরিতাপের বিষয় হচ্ছে, ‘তিন পাত্তি’ অ্যাপ থেকে শুরু করে এমটিএফই-এর কার্যকলাপ যখন তাদের গোচরে আসে, ততক্ষণে কোটি কোটি টাকা প্রতারকচক্র হাতিয়ে নিয়ে যায়। আশার কথা, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে গ্রাহকরা হাজার হাজার কোটি টাকা হারানোর পর ঘটনার অনুসন্ধান শুরু করেছে পুলিশের একাধিক ইউনিট। ইতোমধ্যে এমটিএফই-এর প্রতারণা নিয়ে কাজ শুরু করা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে ঘটনার আদ্যোপান্ত সংগ্রহের কাজ শুরু করেছে। অ্যাপটির মাধ্যমে কীভাবে অর্থ লোপাট হলো, এর সঙ্গে বাংলাদেশের কোন পর্যায়ের কারা জড়িত, তা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া শহরকেন্দ্রিক ও প্রান্তিক পর্যায়ের ভুক্তভোগীদের কীভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তাও বের করার চেষ্টা করা হচ্ছে। তবে হতাশার কথা হলো, অতীতে তদন্তের মাধ্যমে প্রতারকদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং আইনি ব্যবস্থা নেওয়া হলেও প্রতারিত মানুষ তাদের খোয়া যাওয়া অর্থ ফেরত পাননি। দেশে সাইবার নিরাপত্তার জন্য কাজ করা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে শুধু সামাজিক যোগযোগমাধ্যমে নজরদারি নয়, দেশে অবৈধ ট্রেডিং ও বেটিং পরিচালনার তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে বেশি মনোযোগী হতে হবে। পাশাপাশি মানুষকে সাবধান হতে হবে।